সংবাদ প্রকাশ করায় চরম ক্ষোভ আর পূর্ববিরোধের জেরে রাঙ্গামাটিতে এক সাংবাদিক ও তাঁর তিন সন্তানকে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ‘দি বান্দরবান পরিবহন’-এর মালিক, ম্যানেজার ও চালকদের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম।
গত ৫ নভেম্বর দুপুরে রাঙ্গামাটির ভেদভেদী এলাকায় লোমহর্ষক এই ঘটনা ঘটে। দৈনিক রূপান্তর বাংলা পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলম তাঁর সন্তানদের স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরিয়ে আনছিলেন। পথিমধ্যে ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বেপরোয়া কাভার্ড ভ্যান সজোরে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে সাংবাদিক জাহাঙ্গীর ও তাঁর তিন সন্তান—জাবির, জারিন এবং ছোট মেয়ে মুনতাহা আহত হন। পাশাপাশি মোটরসাইকেলটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগী সাংবাদিকের ভাষ্যমতে, গত ৪ আগস্ট হ্যাপির মোড় এলাকায় ওই পরিবহনের একটি কাভার্ড ভ্যান নিয়মবহির্ভূতভাবে রাস্তায় রেখে পণ্য ওঠানামা করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ বিষয়ে তিনি একটি ভিডিও ধারণ করে প্রকাশ করায় পরিবহন মালিক মোখতার, ম্যানেজার এবং চালকদের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকেই তাঁকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, দুর্ঘটনার মাত্র কিছুক্ষণ পর ০১৬৭৮৮২৭৬৩৩ নম্বর থেকে নিজেকে পরিবহনটির ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তিনি বলেন— ‘আপনি আগে এই পরিবহন নিয়ে একটি ভিডিও করেছিলেন। এসব করবেন না। এটি আপনার জন্য সতর্কবার্তা।
এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পরিবহন মালিক, ম্যানেজার ও চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



















