পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ইন্দ্রসিংপাড়া এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
গত ০৯ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ মানবিক কর্মসূচি পরিচালিত হয়। ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান ফাইয়াজের নেতৃত্বে এই এলআরপি (LRP) পরিচালিত হয়। এ সময় পূর্বে চিহ্নিত স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, অসহায় মানুষের দুর্ভোগ লাঘব এবং দুর্গম এলাকার জনগণের দোরগোড়ায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে এটি পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা, সম্প্রীতি এবং সুসম্পর্ককে আরও সুদৃঢ় করছে।



















