খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল চারটায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। এ সময় গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।



















