খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ ঝটিকা মিছিল বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে। এরপর আবাসিক স্কুল এলাকা ও কলাবাজার ঘুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহালছড়ি উপজেলায় আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সর্বদাও সতর্ক ও সজাগ থাকতে হবে। এছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এদিকে, একই সময়ে উপজেলার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক আরেকটি ঝটিকা মিছিল বের করা হয়। সেখানেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও অবস্থান জানান দেন।
দিনভর এসব কর্মসূচির মধ্য দিয়ে মহালছড়ি উপজেলা ও মাইসছড়ি ইউনিয়নে দলের নেতাকর্মীরা তাদের শক্ত অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন।



















