পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি সাবজোনের উদ্যোগে স্থানীয় ২০ জন উপকারভোগীকে নিয়ে সম্পন্ন হলো দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক বিশেষ প্রশিক্ষণ এবং সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম।
গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শুধু তাত্ত্বিক জ্ঞানই দেওয়া হয়নি, বরং বাস্তবমুখী ধারণা দিতে নিয়ে যাওয়া হয় এক সফল উদ্যোক্তার খামারে। সেখানে হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকা প্রয়োগ, সঠিক পরিচর্যা এবং লাভজনক খামার পরিচালনার নানামুখী ব্যবহারিক কৌশল হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মদ।
প্রশিক্ষণার্থীদের হাতে ছাগল, মোরগ, ওষুধ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন পানছড়ি সাবজোনের ক্যাপ্টেন তাইয়েব বিন মসলেম।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের স্বাবলম্বী করে তোলার পথে এক ধাপ এগিয়ে নিতে তাদের মাঝে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় উপকরণ। প্রতিটি প্রশিক্ষণার্থীকে দুটি করে ছাগল, ২০টি করে মোরগ, প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন পানছড়ি সাবজোনের ক্যাপ্টেন তাইয়েব বিন মসলেম।
স্থানীয় বাসিন্দা ও উপকারভোগীরা জানান:
পাহাড়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রশিক্ষণের পাশাপাশি এমন বাস্তবমুখী সহায়তা আমাদের ঘুরে দাঁড়ানোর সাহস জোগাচ্ছে।
সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও সময়োপযোগী উদ্যোগ পাহাড়ে পারস্পরিক আস্থা, সম্প্রীতি এবং টেকসই উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
















