খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ নভেম্বর ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন এসআই (নিঃ) বোরহান উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দিবাকালীন মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকার ‘স্বাগতম খাগড়াছড়ি’ সাইনবোর্ডের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ওপর কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইমাম হোসেন (৩৩), পিতা-মোঃ ছিদ্দিক মিয়া, মাতা-জমিলা বিবি;
মোঃ আফজাল হোসেন (২০), পিতা-জামির হোসেন, মাতা-শিল্পী আক্তার।
তাদের উভয়ের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১নং বেলছড়ি ইউনিয়নের ক্যাম্প টিলা এলাকায়।
পরবর্তীতে ধৃত আসামীদের দেহ তল্লাশি করে ১নং আসামীর হেফাজত থেকে সর্বমোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মানিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















