খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় আদালতের নির্দেশনা বাস্তবায়নে ৯০ শতক জমির পাকা ধান প্রকাশ্যে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি আনুষ্ঠানিক নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লক্ষীছড়ি উপজেলার ২১৭ নম্বর জারুলছড়ি মৌজার ১৭ নম্বর খতিয়ানভুক্ত ৯০ শতক প্রথম শ্রেণির জমিতে চলতি মৌসুমে উৎপাদিত পাকা ধান নিলামে তোলা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী ধান কর্তন, সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ নিলামের আয়োজন করা হয়েছে।
আগামী ২৩ নভেম্বর (সোমবার) বিকেল ৩টায় সরাসরি সংশ্লিষ্ট জমিতে গিয়ে এ প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ধানের সর্বনিম্ন ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের নিলামের দিন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে লক্ষীছড়ি থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ হাজার টাকা জামানত জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।















