পাহাড়ি জনপদ খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চট্টগ্রাম-নাজিরহাট রেলরুটটি রামগড় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২৯৮ নং সংসদীয় আসনের (খাগড়াছড়ি) সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চাহিদাপত্র বা ডিও (ডিমান্ড অর্ডার) লেটার জমা দিয়েছেন।
দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলের বাসিন্দা ও ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত বিস্তৃত রেলপথটি ফটিকছড়ি হয়ে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়ে আসছিলেন। সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়ার এই সময়োপযোগী পদক্ষেপে পার্বত্যবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল।
সংশ্লিষ্টদের মতে, রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হলে একদিকে যেমন খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের যাতায়াত সহজ ও সাশ্রয়ী হবে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রামগড় স্থলবন্দরের সাথে চট্টগ্রাম সমুদ্রবন্দরের সরাসরি ও দ্রুততম রেল যোগাযোগ স্থাপিত হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি আসবে এবং পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে কমে যাবে।
এছাড়াও, রেল সংযোগ স্থাপিত হলে খাগড়াছড়ির পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় কৃষিপণ্য ও পাহাড়ি ফলমূল কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করা সম্ভব হবে। এমপি আব্দুল ওয়াদুদ ভূইয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ী নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের কাজ শুরুর দাবি জানিয়েছেন।















