বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করেছে লক্ষ্মীছড়ি জোন। স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তের জোগান নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী এই কার্যক্রমে সর্বমোট ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
আয়োজক ও সংশ্লিষ্টদের মতে, নিজেদের রক্তের গ্রুপ জানার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যেকোনো জরুরি চিকিৎসা ও রক্তের প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পাশাপাশি এই মানবিক উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ সৃষ্টিতে সহায়ক হবে।
পাশাপাশি এমন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।















