খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়া টিলা মাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং ফেনীর সোনাগাজী উপজেলার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।
পুলিশ জানায়, চেকপোস্টে শান্তি পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি করা হলে ওই দুই যাত্রীর কাছ থেকে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















