সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজ ও কুশল বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) নানিয়ারচর জোনের মাল্টিপারপাস শেডে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের পরিবেশে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রীতিভোজে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর পেয়ারা বেগম, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, নানিয়ারচর জোনের মেজর সাদাত মো. শাহরিয়ার শামীম শোভন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মরদেহ শনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই প্রীতিভোজ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির বন্ধনকে আরও একধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।















