সারাদেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অরাজকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় মহালছড়ি উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল সাত্তার।
আলোচনা সভায় বক্তারা সারাদেশে চলমান অস্থিতিশীলতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের স্বাভাবিক শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিতে মহালছড়ি বিএনপির সাংগঠনিক তৎপরতা ও ঐক্যবদ্ধ অবস্থানের চিত্র ফুটে ওঠে বলে জানান আয়োজকরা।















