মাত্র কয়েক টাকার বকেয়া পাওনা চাওয়া কি অপরাধ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ছয় মাইল এলাকায়। পাওনা টাকা দাবি করায় এক সাধারণ দোকানদারের ওপর নৃশংস হামলা ও তার রুটি-রুজির শেষ সম্বল দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী দোকানদার মোঃ ইউনুস (২৬) জানান, গত ২১ এপ্রিল স্থানীয় প্রভাবশালী সাদেক মিয়ার ছেলে ইদ্দিস (২০)-এর কাছে দোকানের বকেয়া টাকা চান তিনি। সামান্য টাকা চাওয়াকে কেন্দ্র করে সেদিন দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। কিন্তু সেই ক্ষোভ যে এতোটা ভয়ংকর রূপ নেবে, তা কল্পনাও করতে পারেননি ইউনুস।
অভিযোগ মতে, শুক্রবার (২৪ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে ইদ্দিস অতর্কিতভাবে ইউনুসের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধরের পর এক পর্যায়ে দোকানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় অভিযুক্ত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় দোকানের মালামাল।
হামলায় রক্তাক্ত ইউনুসকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ইউনুসের হাতে ধারালো অস্ত্রের গভীর কাটা জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন।
ঘটনার পর অভিযুক্ত ইদ্দিস পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রামগড় থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। থানা সূত্রে জানানো হয়েছে:আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরোচিত হামলায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, বকেয়া চাওয়া নিয়ে এভাবে দোকান পোড়ানো এবং হামলা চালানো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক,রামগড় 















