পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে এক অনন্য মানবিক উদ্যোগ দেখা গেল খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে। দুর্গম পাহাড়ের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে যৌথভাবে এগিয়ে এসেছে ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়নের অধীনস্থ ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি সেনা জোন এবং দেশের খ্যাতনামা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে লক্ষ্মীছড়ি উপজেলা মাঠে দিনব্যাপী এই ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে প্রান্তিক মানুষের জন্য ছিল বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা সেবা এবং মাত্র ১ টাকার বিনিময়ে প্রয়োজনীয় নিত্যপণ্যের বাজার।
পাহাড়ের প্রান্তিক মানুষের আত্মসম্মান বজায় রেখে নামমাত্র মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতে আয়োজন করা হয় বিদ্যানন্দ ফাউন্ডেশনের জনপ্রিয় ‘১ টাকার বাজার’। লক্ষ্মীছড়ি এলাকার পাঁচ শতাধিক বাঙ্গালী ও অ-বাঙ্গালী পরিবার এই বাজার থেকে চাল, ডাল, তেলসহ তাদের প্রয়োজনীয় সামগ্রী মাত্র ১ টাকার বিনিময়ে সাচ্ছন্দে সংগ্রহ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন মানবিক সহায়তা পেয়ে প্রান্তিক পরিবারগুলোর মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
একই সাথে দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজন করা হয় একটি বৃহৎ মেডিকেল ক্যাম্পেইন। ক্যাম্পে চক্ষু, গাইনী (স্ত্রীরোগ), শিশুরোগ ও বয়স্ক রোগীদের অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ের বাসিন্দারা বাড়ির কাছে এমন বিশেষায়িত চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। এছাড়া আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাবৃন্দ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার (UNO), লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে লক্ষ্মীছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শুধু চিকিৎসাই মেলেনি, বরং পাহাড়ি অঞ্চলের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। সেনাবাহিনী ও বিদ্যানন্দের এই যৌথ প্রয়াসকে ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।










