পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক বা ডিআইজি পদে পরিবর্তন এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এত দিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালন করা আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।
এদিকে একই প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনের অন্য গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে এবং বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, জেলা পর্যায়েও পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি এবং গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
















