খাগড়াছড়ির মানিকছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ৩১ লাখ টাকার বিদেশি সিগারেটের একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি টাটা বোলেরো পিকআপসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
মানিকছড়ি থানার তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর রাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের নয়াবাজার চেকপোস্ট ও রেস্টহাউসের সামনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি টহল টিম। এ সময় সেনাবাহিনীর টহল দলের সহযোগিতায় সন্দেহজনক গতির একটি টাটা বোলেরো পিকআপের গতিরোধ করা হয়।
তল্লাশি চালিয়ে পিকআপটির ভেতর থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৫২৭ কার্টন বিদেশি ব্র্যান্ডের ‘ORIS SILVER’ সিগারেট। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৫৪ হাজার টাকা। পুলিশের প্রাথমিক ধারণা, আটককৃতরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এই সিগারেটগুলো দেশের অভ্যন্তরে এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অভিযান চলাকালে পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হন।
আটককৃত ব্যক্তিরা হলেন: লিটন চাকমা (২৮), পিতা: সুরেন বিকাশ, সাং- গঙ্গারাম মুখ, রিজার্ভ ফরেস্ট, বাঘাইহাট এলাকা, সাজেক থানা, রাঙামাটি, জিং চাকমা (১৯), পিতা: বীর রাজ্যে চাকমা, সাং- সুরংনালা, সাজেক থানা, রাঙামাটি।
এ ঘটনায় আটক দুইজনসহ পলাতক অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত সিগারেট ও চোরাচালানে ব্যবহৃত পিকআপটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, অবৈধ চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
















