সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, অপরাধ দমন এবং পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে পুলিশের নিয়মিত টহল, যানবাহন তল্লাশি এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সকল থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ এবং পুলিশের অন্যান্য ইউনিটের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। মূলত যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড শুরুতেই রুখে দিতেই পুলিশের এই বাড়তি তৎপরতা।
রাঙ্গামাটি জেলা পুলিশ আরও জানিয়েছে, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
















