খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি ও সঠিক পরিচর্যার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করে তুলতে এবং গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য এক উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি সেনা জোন।
সম্প্রতি জোনের আওতাধীন বার্মাছড়ি আর্মি ক্যাম্পে দিনব্যাপী এই প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য এই প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম, সহকারী ত্রিপণ চাকমাসহ বার্মাছড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসাহী খামারিরা অংশ নেন। বিশেষজ্ঞদের তত্ত্ববধানে খামারিদের গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন পদ্ধতি, সাধারণ রোগ শনাক্তকরণ, সময়মতো টিকাদান, কৃমিনাশক ওষুধের সঠিক ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যার ওপর হাতে-কলমে ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রান্তিক খামারিদের মাঝে গবাদিপশু ও পাখির প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পাহাড়ি-বাঙালি খামারিরা।



















