বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১৫ নভেম্বর) রাতে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানীছড়া বিওপির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
সোমবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালায় টহলদল। এ সময় সীমান্ত শূন্যরেখা থেকে মাত্র ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করা ওই আটজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে তাঁবু, রান্নার সরঞ্জাম, প্রচুর খাদ্যসামগ্রী এবং দা, ছুরি ও চাপাতির মতো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ৮ জনের মধ্যে ৬ জনের ঠিকানা নিশ্চিত করা গেছে। তারা হলেন—মো. আব্দুল আহাদ (২২, ঝিনাইদহ),মো. হাসান সিহাব (২৮, বরগুনা),মো. নাহিদ হাসান আশিক (৩৩, ঢাকা),এস ইসলাম সোহেল (৩৮, ঢাকা),মো. হোসেন শরিফ (২৯, ভোলা),মো. মিনহাজুর রহমান সানি (২৬, চট্টগ্রাম)।
এছাড়া নিজেদের বান্দরবানের বাসিন্দা হিসেবে পরিচয় দেওয়া লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০) নামের আরও দুজনের পরিচয় ও প্রকৃত উদ্দেশ্য যাচাই করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রেস ব্রিফিংয়ে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, বৈধ কোনো পাসপোর্ট কিংবা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই সীমান্ত নিরাপত্তার এত সংবেদনশীল এলাকায় তাদের সন্দেহজনক উপস্থিতি বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
















