রাঙামাটির নানিয়ারচরে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) জোন সদরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। এ সময় মেজর সাদাত মো. শাহরিয়ার শামীমসহ জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে জোন কমান্ডার বলেন, গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন কেবল পরিবারের পুষ্টির চাহিদাই পূরণ করে না, বরং আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানেরও এক অনন্য মাধ্যম।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে স্বল্প পুঁজিতেই লাভজনক খামার গড়ে তোলা সম্ভব।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকার উন্নয়নে এগিয়ে আসার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
স্থানীয় বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন উদ্যমী প্রশিক্ষণার্থী এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। এতে গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখির উন্নত পরিচর্যা, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদান কৌশল এবং সফল খামার পরিচালনা বিষয়ে বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















