পাহাড়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পাঠদান পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয়টির অবকাঠামোগত সংস্কার ও মেরামতের কাজে ব্যবহারের জন্য জোনের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ৫ বান ঢেউটিন হস্তান্তর করা হয়। লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন ফেরদৌস আলম উপস্থিত থেকে বিদ্যালয়ের দায়িত্বশীলদের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সংকট দূর করে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।
লক্ষ্মীছড়ি জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনীর এই সহায়তামূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
















