সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দুই দিনের সরকারি ও ধর্মীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় তিনি বান্দরবানের উজানী পাড়ার নিজ বাসভবন থেকে সড়কপথে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সফরের প্রথম দিন খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। একই দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় তিনি ‘বিশ্ব-শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি’ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন। পরে মহালছড়ি উপজেলার চিত্র কাবারী পাড়া সিদ্দিলাভী বন বিহার পরিদর্শন শেষে বিকেলে তিনি বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সংসদ সদস্যের খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা জানান, সংসদ সদস্যকে বরণ করে নিতে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে সফর, মতবিনিময় সভা ও ধর্মীয় অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন হবে।


















