পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে আবারও পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুমনীঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রীগুলো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ সামিউল সানি (মহালছড়ি জোন)। উপস্থিত শিক্ষার্থীদের হাতে তুলেদেন খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং ফুটবল, ক্রিকেট সেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন মোঃ সামিউল সানি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন,শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে তাদের প্রয়োজনীয় উপকরণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই মহালছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন, কেবল পাঠ্যপুস্তকই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। তাই পড়াশোনার পাশাপাশি তারা যেন ক্রীড়াঙ্গনেও নিজেদের মেলে ধরতে পারে, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস।
সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, এমন সহায়তা কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও আগ্রহী করে তুলবে এবং দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে জনকল্যাণমূলক এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি 















