টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে বিপর্যস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা। উপজেলার অযোদ্ধা এলাকায় ফেনীছড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছেন শত শত মানুষ। এমন চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে অসহায় ও ক্ষতিগ্রস্ত দুই শতাধিক দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পলাশপুর জোন (খেদাছাড়া ব্যাটালিয়ন)-এর উদ্যোগে আজ দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী, পুনর্বাসনের জন্য বিভিন্ন শস্য বীজ ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
আজ দুপুরে মাটিরাঙ্গার দুর্গম বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান পলাশপুর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম। তিনি নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। একই সাথে বন্যা-পরবর্তী সময়ে কৃষকদের ঘুরে দাঁড়ানোর লক্ষে বিভিন্ন ধরনের উন্নত মানের শস্য বীজ বিতরণ করা হয়।
বন্যার কারণে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি ও পানিবাহিত রোগ বালাই থেকে স্থানীয়দের রক্ষায় আয়োজন করা হয় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের। এই ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার শতাধিক পাহাড়ি ও বাঙালি দুস্থ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
এ বিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম বলেন: সীমান্তে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্গত মানুষের এই কষ্ট লাঘবে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ত্রাণ ও চিকিৎসাসেবা বিতরণকালে জোন কমান্ডারের সাথে আরও উপস্থিত ছিলেন পলাশপুর জোনের অতিরিক্ত পরিচালক মেজর মো. জাহিন আবদুল্লাহ এবং সহকারী পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া সহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ। বিজিবির এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয় দুর্গত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে।



















