খাগড়াছড়ির মানিকছড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ সকালে উপজেলার জনপ্রিয় বাণিজ্যিক এলাকা ধর্মঘর বাজারে এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।মানিকছড়ি উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন নাথাকায় পার্শবর্তী উপজেলা খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুনের সর্বশেষ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় মুদি ও ওষুধের দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান।
বিশেষ করে, এই আকস্মিক আগুনে ফার্মেসিতে থাকা প্রায় ৬০ লাখ টাকার ওষুধ এবং অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এর ফলে সহায়-সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দোকানদার অংথুইশে মারমাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের চোখে এখন শুধুই অন্ধকার, কারণ এই ব্যবসার ওপরই নির্ভর করছিল তাদের পুরো পরিবারের জীবিকা।
প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দ্রুত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।



















