পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। অথচ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে প্রেসক্রিপশনে লিখে দেওয়া বেশিরভাগ ওষুধই বিনামূল্যে পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, বহির্বিভাগ থেকে ডাক্তার দেখানোর পর যে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দেওয়া হয়, তার বড় একটি অংশই হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না। ফলে বাধ্য হয়ে দরিদ্র রোগীদের চড়া দামে বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়তি অর্থনৈতিক চাপে পড়ছেন সাধারণ মানুষ, অন্যদিকে সরকারি স্বাস্থ্যসেবার সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত ওষুধের তালিকার অবস্থাও অত্যন্ত শোচনীয়। দৃশ্যমান কোনো স্থানে সঠিক ও হালনাগাদ তালিকা না থাকায় রোগীরা জানতে পারছেন না আসলে কোন কোন ওষুধ হাসপাতালে বিনামূল্যে পাওয়ার কথা।
এদিকে, এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হলে তারা কোনো সদুত্তর বা সঠিক তথ্য দিতে পারেননি, যা এই অনিয়মকে আরও ঘনীভূত করেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই অব্যবস্থাপনা খতিয়ে দেখে হাসপাতালে ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তা না হলে পাহাড়ি এই জনপদের গরিব মানুষগুলো চিকিৎসা সেবা থেকে আরও দূরে সরে যাবে।



















