পাহাড়জুড়ে মাদকের বিস্তার রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমনে রাঙামাটিতে শুরু হয়েছে পুলিশের অল-আউট ক্র্যাকডাউন। রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের এক বিশেষ ও ঝটিকা অভিযানে মাদক কারবারি, জনউপদ্রবকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও ইয়াবা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি শক্তিশালী আভিযানিক দল গতকাল রাতভর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।
মাদকের চালানসহ আটক দুই কারবারি
অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অপরাধে দুজনকে রঙ্গেহাত গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ময়মনসিংহের কুমারকান্তি এলাকার সোনাই মিয়ার ছেলে মোঃ মনির হোসেনের কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার রেশমি আক্তারের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২৪ লিটার চোলাই মদ। পুলিশ জানিয়েছে, আসামিরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল।
ওয়ারেন্টভুক্ত ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী আটক
মাদক কারবারিদের পাশাপাশি শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেয় পুলিশ। শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে সঞ্জিত দত্তের ছেলে শুভ দত্ত এবং ভেদভেদী এলাকা থেকে শহিদুল হকের ছেলে মোঃ মানিক-কে আটক করা হয়। জানা গেছে, আটক মানিকের বিরুদ্ধে পূর্বের দ্রুত বিচার আইনে গ্রেফতারি পরোয়ানা (জিআর ওয়ারেন্ট) জারি ছিল।
এছাড়া এসপি অফিসের নিচের রাস্তা এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো ও জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল খালেকের ছেলে মোঃ বাবুল-কে গ্রেফতার করে পুলিশ।
আইনি পদক্ষেপ ও পুলিশের হুঁশিয়ারি
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান—শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে আমাদের এই অল-আউট অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই তাত্পক্ষণিক ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং অপরাধ দমনে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।



















