পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের সুরক্ষার পাশাপাশি মানবিক সেবায় আবারও অনন্য ভূমিকা রাখলো বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ সকালে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ খান।
উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দিনব্যাপী আয়োজিত এই হেলথ ক্যাম্পে ঢাকা ও স্থানীয় রিজিয়ন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করেন। এতে ঢাকা থেকে আসা সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনী বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল দিনভর বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
উক্ত চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ জোন ও রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর সুবিধাভোগী মানুষজন।



















