রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো মাস্টার প্যারেড ও কিট প্যারেড। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকালে পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সকালে পুলিশ লাইন্স মাঠে বর্ণিল ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় মাস্টার প্যারেড। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট অত্যন্ত শৃঙ্খলার সাথে প্যারেডে অংশগ্রহণ করে এবং পুলিশ সুপারকে অভিবাদন জানায়।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়ন করেন। সন্তোষজনক পারফরম্যান্স প্রদর্শনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।
পরে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। এ সময় তিনি শতভাগ নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণ বজায় রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এবং সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।
মাস্টার প্যারেড শেষে জেলা পুলিশের যানবাহন শাখা এবং কিট প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি সরকারি সরঞ্জামাদি, যানবাহন ও ইউনিফর্মের সঠিক সংরক্ষণ, ব্যবহার এবং সামগ্রিক রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম।



















