রাঙামাটির কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ উৎসবে ভিক্ষুসংঘের ধর্মদেশনা, মহাসংঘদান ও কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
উৎসবের প্রথম পর্বে মহাসংঘদান ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ধর্মদেশক ছিলেন বারঘোনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রক্ষিতানন্দ থের। এ পর্বে বিশেষ ধর্মদেশক হিসেবে ধর্মালোচনা করেন বিলাইছড়ির দুপ্যাছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাক্যপ্রিয় থের এবং রাঙ্গুনিয়ার লিচুবাগান জুম পাড়া সার্বজনীন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিলঙ্কার থের।
দ্বিতীয় পর্বে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুলজ্যোতি থের। এ পর্বে বিশেষ ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির কোষাধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ স্থবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং। আলোচনা পর্বে অতিথিরা বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের উৎসবের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বিহারের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজে জেলা পরিষদের সহযোগিতা কামনা করা হলে অতিথিরা যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সমর বড়ুয়া। সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া ও অর্থ সম্পাদক রাজু কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটে। দানশীলতা ও মানবকল্যাণের বার্তা নিয়ে আয়োজিত এ উৎসব স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।


















