পার্বত্য অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় খামারিদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নানিয়ারচর জোন কমান্ডারের দিকনির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন। এ সময় তিনি জানান, সঠিক জ্ঞান ও পরিচর্যার অভাবে অনেক সময় খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পশু পালন এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা পেলে এই ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু ও পাখির রোগ প্রতিরোধ, টিকাদান, সঠিক পরিচর্যা এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর বাস্তবভিত্তিক ধারণা লাভ করছেন। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।


















