বিশ্বের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর উপজেলার গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দান’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান দায়ক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
অনুষ্ঠানে পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন নানিয়ারচর রত্নাঙ্কুর বন বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, খামারপাড়া বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদর্শী মহাস্থবির, ডলুছড়ি শ্রাবস্তী ভাবনা কুঠিরের অধ্যক্ষ সমাধি আলো স্থবির এবং দিবাঙ্গ লেমুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আধিরত্ন স্থবির।
এর আগে দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে পুণ্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান ও কল্পতরু দান সম্পন্ন করেন। পরে রাতভর বুনন করা পবিত্র কঠিন চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে আমাকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন, যেন বৈষম্যহীনভাবে পার্বত্য এলাকার উন্নয়ন নিশ্চিত করা যায়। আমি পাহাড়ি-বাঙালিসহ এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ সাব্বির, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সহ-সভাপতি রণ বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এবং বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক পুণ্যার্থী।


















