রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলি রুদ্র, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এস. এম. সাকের আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইহ্লা অং মারমা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন—জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




















