রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। ৫ আগস্ট, ২০২৬ বুধবার সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান দাবি হিসেবে উঠে আসে— গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ছাত্র-জনতা হত্যায় জড়িতদের দ্রুত বিচার।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মদের সভাপতিত্বে এবং প্রচার সেক্রেটারি ডা. সর্দার আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা জামায়াতে টিম সদস্য মোঃ আবুল কাইয়ুম, মাওলানা মোঃ ইকবাল করিম ও মোঃ হানিফসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। শহীদের আত্মত্যাগের ফলেই আজ অনেকেই রাজনৈতিক অঙ্গনে ও ক্ষমতার সুযোগ পাচ্ছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি মাইনীমুখ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।




















