সামাজিক ও মানবিক কার্যক্রমের ৭ বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করল স্বেচ্ছাসেবী ও পর্যটনভিত্তিক এই সংগঠন।
দীর্ঘ সাত বছরের সফল পথচলা পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করেছে রাঙ্গামাটির অন্যতম জনপ্রিয় স্বেচ্ছাসেবী ও পর্যটনভিত্তিক সংগঠন ‘হিল সার্ভিস রাঙ্গামাটি’। গণমানুষের আস্থা, ভালোবাসা ও সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে সামাজিক, মানবিক এবং পর্যটন অঙ্গনে সংগঠনটি এক অনন্য নজির স্থাপন করেছে।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেলে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির সপ্তম বর্ষপূর্তি উদযাপিত হয়। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে দেশাত্মবোধক গান পরিবেশন এবং দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বর্ষপূর্তির এই দিনটিতে ছিল নানা বর্ণিল আয়োজন। আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা স্মারক প্রদান, বৃক্ষ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে মুখরিত করে তোলে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা ছিল এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাশ (বিএসএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সভাপতি ও হিল সার্ভিসের অন্যতম উপদেষ্টা আনোয়ার আল হক।
প্রধান অতিথির বক্তব্যে নিউটন দাশ বলেন, “হিল সার্ভিস রাঙ্গামাটি একটি ব্যতিক্রমী ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্যোগকালীন সময়ে তাদের স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ ভূমিকা সাধারণ মানুষের মনে গভীর আস্থার জায়গা তৈরি করেছে।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা রুবেল বলেন, “সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। পাহাড়ধস ও বন্যার মতো যেকোনো সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক দায়িত্ব বলে মনে করি।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই পাহাড়ের পর্যটন খাতের বিকাশ, পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে হিল সার্ভিস রাঙ্গামাটি। আগামী দিনেও এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।




















