শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, কলেজপড়ুয়া এক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সুগম করতে আর্থিক সহযোগিতা প্রদান করেছে রাঙামাটির নানিয়ারচর জোন।
সোমবার সকালে নানিয়ারচর জোন কার্যালয়ে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকার মহালছড়ি কলেজের এক শিক্ষার্থীর পিতার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি-এর পক্ষে এই সহায়তা হস্তান্তর করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ।
জানা যায়, ওই শিক্ষার্থীর পরিবার চরম আর্থিক সংকটে থাকায় তার পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি জানিয়ে শিক্ষার্থীর পিতা নানিয়চর জোন কমান্ডার বরাবর একটি আবেদন করেন। আবেদনটি গুরুত্বের সাথে বিবেচনা করে জোন কমান্ডার তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর শিক্ষাজীবন সচল রাখতে এবং তার ভবিষ্যৎ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এই আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।
এ সময় নানিয়ারচর জোনের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার।




















