রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনাব দীপন তালুকদার (দিপু) এবং সদস্যদের মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এই আনন্দঘন মুহূর্তটিকে উদ্যাপন করতে কাপ্তাইয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ বলেন, “দীপন তালুকদারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাই। নতুন এই নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি এবং কাপ্তাইয়ের উন্নয়ন কার্যক্রম আরও বেশি গতিশীল হবে বলে আমাদের বিশ্বাস।” এ সময় তিনি জনসেবায় জেলা পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, “দীপন তালুকদার চেয়ারম্যান এবং কাপ্তাইয়ের সন্তান উথোয়াইমং মারমা জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁদের হাত ধরে এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন উচ্চতায় পৌঁছাবে।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুলের মালা দিয়ে উষ্ণ বরণ করে নেন কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, সাধারণ সম্পাদক মো. মাসুদ, যুবদলের সভাপতি জাহিদ মেম্বার, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব মিলু, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (আবু) সহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই পরিষদের দক্ষ নেতৃত্বে পার্বত্য জেলার সামগ্রিক উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা সফলভাবে পূরণ হবে।




















