বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ “আম্পায়ার কোয়ালিফাইং” কোর্সে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে বিসিবির কোয়ালিফাইং আম্পায়ার হওয়ার গৌরব অর্জন করেছেন রাঙ্গামাটির তৌহিদুল ইসলাম ও আল মাহমুদ ইমরোজ।
বৃহস্পতিবার (জুন ২০২৬) বিসিবি আম্পায়ার কমিটির চেয়ারম্যান মির্জা ইয়াসির আব্বাস স্বাক্ষরিত এক আদেশে এই চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, দেশব্যাপী ১৪ হাজার ৬০০ জনের অধিক প্রার্থীর অংশগ্রহণে ২০২৩ সালে এই কোর্সের প্রাথমিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাইকৃত মাত্র ৪৫ জন আম্পায়ারকে নিয়ে চলতি বছরের জুন মাসে ৫ দিনব্যাপী বিশেষ কোর্সের (স্পেশাল ব্যাচ) আয়োজন করে বিসিবি। এই নিবিড় প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশ থেকে ৩৬ জন উত্তীর্ণ হন। প্রকাশিত মেধা তালিকায় রাঙ্গামাটির মো. তৌহিদুল ইসলাম ২০তম এবং আল মাহমুদ ইমরোজ ৩৫তম স্থান অর্জন করার গৌরব অর্জন করেন।
বিসিবির এই কোয়ালিফাইং আম্পায়ার হিসেবে স্বীকৃতি পাওয়ার ফলে রাঙ্গামাটির ক্রিকেটে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদিরা। তাদের এই সাফল্যে রাঙ্গামাটি জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।




















