রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব এবং বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ্ আহাম্মদ।
সভায় বোর্ডের চলমান প্রকল্প, বাস্তবায়িত কার্যক্রম এবং পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, বোর্ডের উদ্যোগে তিন পার্বত্য জেলায় দুই শতাধিক তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো যুবসমাজকে দক্ষ করে তোলার পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সভা শেষে মাইনী মিলনায়তনে আইসিটি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং টেকসই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















