খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মর্মান্তিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদী জীবিকা নিশ্চিত করতে অভিনব ও প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন।
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের স্থায়ী উপার্জনের পথ সুগম করতে পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্য টুনি মারমাকে শহীদ লেফটেন্যান্ট মুশফিক স্কুলের শিক্ষিকা এবং উক্যক্ষচিং মারমাকে গুইমারা সেনা হাসপাতালে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার বেকার যুবকদেরও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর এই দূরদর্শী ও মানবিক পদক্ষেপ দুর্দিনে থাকা পরিবারগুলোর মাঝে ফিরিয়ে এনেছে স্বস্তি ও আশার আলো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দেশের যেকোনো প্রান্তে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রিয়জন হারানোর গভীর শোকের মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছেন ক্ষতিগ্রস্ত স্বজনরা। স্থানীয় জনসাধারণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



















