সীমান্ত রক্ষা ও দেশের সার্বভৌমত্ব প্রহরায় নিয়োজিত ঐতিহ্যবাহী সুশৃঙ্খল বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক’ হিসেবে চিহ্নিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানিয়েছে, বাহিনীর ক্রমবর্ধমান সাফল্য এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাপরিচালকের দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে সীমান্ত নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি বাহিনীর অভ্যন্তরে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।
বিজিবির উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতি
সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি ও ডিজিটাল সার্ভেইল্যান্স সিস্টেম সংযোজনের মাধ্যমে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে,
দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের পাশাপাশি প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক অক্ষুণ্ণ রেখে যেকোনো উসকানিমূলক পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হচ্ছে, বিজিবি সদস্যদের আবাসন সমস্যা সমাধান, আধুনিক চিকিৎসা সুবিধা, সন্তানদের মানসম্মত শিক্ষা এবং কর্মক্ষেত্রের সার্বিক পরিবেশের মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় বাহিনীর প্রতিটি স্তরে কর্মোদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।
বিজিবি সূত্র জানায়, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনার প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ছাড়া মনগড়া খবর পরিবেশন দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। দেশের সীমান্ত নিরাপত্তায় বিজিবির অবদান ও আত্মত্যাগের প্রতি ইতিবাচক ও বস্তুনিরপেক্ষ দৃষ্টি রাখার জন্য সচেতন মহল ও দেশপ্রেমিক গণমাধ্যমের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।




















