সাংগঠনিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, শক্তিশালী ও গতিশীল করতে কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার কমিটির প্রস্তুতকৃত নতুন গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর এলাকার লুমিনাস জোন রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।
গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সদস্য সচিব এম. বাবুল এবং সদস্য আব্দুল হাই খোকন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন গঠনতন্ত্রটি তুলে দেন।
এ সময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সংস্কার কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের আগেই একটি পূর্ণাঙ্গ ও কার্যকর গঠনতন্ত্র প্রণয়ন করে আমাদের হাতে হস্তান্তর করা হয়েছে। একটি সংগঠনের সুশৃঙ্খল পরিচালনা, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ এবং কার্যক্রমকে গতিশীল করতে এই নতুন গঠনতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এর মাধ্যমে কাপ্তাই প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাপ্তাই প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















