জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।
বুধবার (৭ অক্টোবর) সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙামাটি সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন চাকমার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল-মুনতাসির মামুন মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মহাজন এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আল-মুনতাসির মামুন মনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়েও রাঙামাটির সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২৪ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করা এই মেধাবী শিক্ষার্থীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।




















