রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার ৬০ বছর বয়সী অসহায় বৃদ্ধ বাবুল। সড়ক দুর্ঘটনায় কোমরে গুরুতর আঘাত পেয়ে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী তিনি। হাসপাতালের চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করলেও অর্থাভাব ও শারীরিক অসুস্থতায় তাঁর জীবন এখন থমকে গেছে। অর্থাভাবে বন্ধ হতে বসেছে প্রয়োজনীয় চিকিৎসা। এই পরিস্থিতিতে তাঁর জীবন রক্ষা ও চিকিৎসাসেবা চালিয়ে নিতে বিত্তবানদের সহায়তার আকুল আবেদন জানিয়েছে পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই মূল সড়কে চলাচলের সময় পেছন থেকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা বাবুলকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তাঁর কোমরে মারাত্মক জখম হয়। দুর্ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে নিয়ে আসা হয়। তবে কোমরের হাড়ের গুরুতর আঘাতের কারণে তিনি স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।
একসময় পরিশ্রমি হলেও বর্তমানে বাবুল সম্পূর্ণ অসহায় ও কর্মক্ষমতাহীন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই করুণ পরিণতিতে পুরো পরিবার চরম দুর্দিনের মধ্যে পড়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে জমানো সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন নিয়মিত ওষুধ ও পরবর্তী চিকিৎসার খরচ চালানো তাঁদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
এমন সংকটময় মুহূর্তে বাবুলকে সুস্থ করে তুলতে এবং পরিবারটিকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন স্বজনরা। আপনার সামান্য মানবিক সহযোগিতাই পারে একজন অসহায় মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
বিকাশ (পার্সোনাল) ও যোগাযোগ নম্বর: 01832609568




















