পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কার্যকর সমন্বয় জোরদার করার লক্ষ্যে রাঙামাটিতে এক গুরুত্বপূর্ণ লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে ‘পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকা নিশ্চিতকরণ’ (পিআরএলসি) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর আয়োজনে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর প্রকল্প সমন্বয়কারী নিখিল চাকমা, প্রগ্রেসিভ-এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা এবং টংগ্যার ভাইস চেয়ারম্যান রূপক খীসা। এছাড়াও স্থানীয় সহযোগী সংগঠন হিল ফ্লাওয়ার, প্রোগ্রেসিভ ও টংগ্যার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি লাইন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
কর্মশালা ও সমন্বয় সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতায় টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারি সেবা প্রদানকারী দপ্তর এবং উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। বক্তারা স্থানীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও আন্তঃদপ্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পিআরএলসি প্রকল্পের মাধ্যমে অর্জিত মাঠপর্যায়ের নানা সাফল্য, বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।




















