খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির। এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার তাহমিদ সামিন, মহালছড়ি ৬ এপিবিএন-এর এডজুটেন্ট অভিজিৎ দাস, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং প্রেসক্লাব সভাপতি দিপক সেন।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক মনিটরিং এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















