খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বুধংপাড়া এলাকায় নেটওয়ার্ক টাওয়ারে দুষ্কৃতকারীদের হামলায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের সংযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
রাতের আঁধারে দুর্বৃত্তরা টাওয়ারের নেটওয়ার্ক সার্ভিসের গুরুত্বপূর্ণ ক্যাবল কেটে নিয়ে যাওয়ায় পুরো এলাকা এখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধংপাড়ায় অবস্থিত মোবাইল টাওয়ারটিতে আকস্মিকভাবে হামলা চালায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত। তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে টাওয়ারের প্রধান নেটওয়ার্ক সার্ভিস সংযোগ ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কেটে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর থেকেই গুইমারা ও এর আশেপাশের বিস্তৃত এলাকায় রবি ও টেলিটক গ্রাহকরা কোনো ধরনের কল করা বা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
এ বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, হুট করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি যোগাযোগ, চিকিৎসা সেবা এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও অনলাইন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার প্রধান মাধ্যম মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় এক ধরণের বিচ্ছিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, এটি কোনো সাধারণ চুরি নয়, বরং পাহাড়ি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এমন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেটওয়ার্ক অপারেটর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে জানানো হয়, সার্ভিস ক্যাবল কেটে নিয়ে যাওয়ায় সাময়িকভাবে সেবা বন্ধ রয়েছে। দ্রুত টেকনিশিয়ান টিম পাঠিয়ে সংযোগ মেরামত করে সেবা স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
এদিকে ঘটনাটি তদন্ত করে জড়িয়াজড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভূক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল।




















