শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জোন কমান্ডার ও অতিথিবৃন্দ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ধর্মীয় উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় মণ্ডপজুড়ে পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক চমৎকার আবহ দেখতে পাওয়া যায়।
শুভেচ্ছা বিনিময় শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ ও ফলমূলের ঝুড়ি তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।
সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবের গুরুত্ব তুলে ধরে উপস্থিত অতিথিরা বলেন, দুর্গোৎসব কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এই উৎসব পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।
সকল সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণে মহালছড়িতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন পূজা উদযাপন কমিটি ও স্থানীয় সর্বস্তরের মানুষ।



















