চট্টগ্রাম নগরীতে গভীর রাতের বিশেষ অভিযানে তিন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্টিলের টিপ ছোরা এবং একটি ধারালো লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে তিনটার দিকে ডবলমুরিং থানাধীন ১ নম্বর সুপারিওয়ালাপাড়ার বউবাজার এলাকায় এই সফল অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাসেল ওরফে ‘চেগা রাসেল’ (২৩), মো. শরীফ (২৪) এবং মো. শাহাদাত ওরফে ‘সাকা’ (২৫)। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এদের মধ্যে রাসেলের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায় এবং শরীফ ও শাহাদাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তারা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে রাতের আঁধারে পথচারী ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে এসআই কাজী আবিদ হোসেনসহ পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বড় ধরনের কোনো অপরাধ বা ছিনতাইয়ের উদ্দেশ্যে বউবাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ জড়ো হয়েছিল। এ ঘটনায় ডবলমুরিং থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা (মামলা নম্বর: ১৫, তারিখ: ২২ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়েছে।আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



















