রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে মাসিক কল্যাণ সভা। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সব পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন, কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং বাকিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার উপস্থিত সদস্যদের উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি, বিগত মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



















